চোখ ধাঁধানো গোল করে দলকে জেতালেন ডি মারিয়া

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

বয়সকে তুড়ি মেরে আর্জেন্টাইন ফুটবল তারকা আনহেল ডি মারিয়া আবারও দেখালেন পায়ের জাদু। রেসিং ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে রোজারিও সেন্ট্রালকে এগিয়ে দেন তিনি, আর শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় পায় তার দল। আর্জেন্টিনা লিগের টর্নেও আপার্তুরার দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে ডি মারিয়ার গোল ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ।

ম্যাচের প্রথমার্ধের ২৩ মিনিটে প্রতিপক্ষের বক্সের কাছাকাছি বল পেয়ে ডি মারিয়া একক নৈপুণ্যে আক্রমণ সাজান। সান্তিয়াগো সোসাকে চমৎকার এক মুভে মাটিতে ফেলে দিয়ে ঢুকে পড়েন বক্সে। এরপর ডিফেন্ডার মার্কো দি সেসারের উপস্থিতি উপেক্ষা করে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে নেওয়া তার শট সরাসরি জালের ওপরের কোণে গিয়ে জড়ায়। গোলরক্ষক ফাকুন্দো কাম্বেসেস চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

গোলের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডি মারিয়া বলেন, ‘আগের ম্যাচে এমন একটি সুযোগ পেয়েও গোল করতে পারিনি। আজ যখন বল পেলাম, তখন ভাবলাম—এইবার শট নিতে হবে। তাই শট নিয়েছি।’

২০২৬ সালে এটি ডি মারিয়ার দ্বিতীয় গোল। এর আগে মৌসুমের প্রথম ম্যাচে বেলগ্রানোর বিপক্ষে তিনি পেনাল্টি থেকে গোল করেছিলেন। গত বছর কৈশোরের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার পর এটি তার নবম গোল। এর মাঝে তিনি পেনাল্টি, ফ্রি-কিক এবং বোকা জুনিয়র্সের বিপক্ষে একটি অলিম্পিক গোলও করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত