ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই নির্বাচনী জনসভার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ এবং চলছে প্রচার প্রচারণা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায় শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মঞ্চ সজ্জা কমিটির সদস্যরা সকাল থেকেই মঞ্চ তৈরির সরঞ্জাম নিয়ে এসেছেন মাঠে। মাত্র একদিনের ব্যবধানে সকল কাজ শেষ করতে হবে। তাই দম ফেলার সুযোগ নেই তাদের। নির্বাচনী জনসভার মাঠকে ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে মাইক টাঙ্গানো হচ্ছে।
এদিকে মাঠের ও নির্বাচনী জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টীম কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্যাররা মাঠ পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খালা পরিস্থিতি বিষয়ে কাজ করছে পুলিশ।
দলীয় সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারী শুক্রবার বিকেল পৌনে ৪ টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাহ্মাত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে ৪টায় রংপুর নগরীর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং নাজ গার্ডেনে তিনি রাত্রিযাপন করবেন।
অন্যদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
এ বিষয়ে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে তিনি রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দিবেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। দলীয় নেতাকর্মীসহ রংপুরের মানুষ উদগ্রীব হয়ে আছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তার সফর বিএনপির প্রার্থীদের জন্য বাড়তি পাওয়া বলে জানান তিনি।
বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক রহমানের এই নির্বাচনী সফর উত্তরাঞ্চলে নির্বাচনের ধানের শীষের পক্ষে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
আলোচিত নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড