যুক্তরাজ্যে লরিতে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

যুক্তরাজ্য থেকে অবৈধভাবে ২৩ বাংলাদেশিকে লরিতে করে পাচারের চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, বুধবার ডোভার ফেরিঘাটের দিকে যাওয়ার সময় লরিটিকে থামিয়ে অবৈধভাবে যাত্রা করা বাংলাদেশিদের উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে জানা গেছে, চক্রটি যুক্তরাজ্য থেকে অভিবাসী পাচারে জড়িত ছিল। উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে ২২ জন বৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তবে একজনকে অভিবাসন বিভাগ আটক করেছে।

লন্ডনের নিউ ক্রস থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া আরও তিনজনকে, যাদের বয়স ৪৩ থেকে ৫৫, এবং লরির চালক ৩২ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককেও আটক করা হয়েছে। পুলিশ ৩০ হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করেছে।

এনসিএর শাখা কমান্ডার সাজু সাসিকুমার বলেছেন, ‘মানব পাচারের সঙ্গে জড়িত চক্রগুলো তাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে এবং ব্রিটেন ও ফ্রান্সের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।’

পুলিশ জানায়, পাচারকারীরা লরি চালকদের টার্গেট করে, বৈধ পণ্যবোঝাই লরির আড়ালে মানুষ পারাপারের প্রলোভন দেখাচ্ছে। চলতি ও গত বছরের অভিযান থেকে এসব চক্রের বিরুদ্ধে প্রায় ১০০টি তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত