২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়কে ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার মার্ক বুচার। তার মতে, ক্রিকেটের স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় এমন সিদ্ধান্ত ভবিষ্যতেও অনুসরণ করা উচিত।
উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে কথা বলতে গিয়ে বুচার বলেন, বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়া নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এটাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে খেলতে অস্বীকৃতির ঘটনার সঙ্গে তুলনা করে বুচার বলেন, ‘ক্রিকেট ইতিহাসে অনেকবারই একটি বা একাধিক দলের সুবিধার জন্য টুর্নামেন্টের সূচি বা কাঠামো বদলানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে বিষয়গুলো ঘটছে, সেটা বেশ জটিল।’
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। বুচারের মতে, কোনো দল যদি নিরাপত্তা বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে খেলতে না চায়, তাহলে সেই দলকে সরিয়ে দিয়ে পরবর্তী যোগ্য দলকে সুযোগ দেওয়া উচিত। তার ভাষায়, ‘এটাই ভবিষ্যতের নিয়ম হওয়া উচিত। কোনো দল যদি সমস্যার কারণ হয় বা খেলতে না চায়, তাহলে তারা সরে দাঁড়াবে, আর অন্য দল খেলবে। এটাই সবচেয়ে ন্যায্য নিয়ম।’
বুচার মনে করেন, এই ঘটনায় ক্রিকেট প্রশাসনের সামনে বড় প্রশ্ন উঠে এসেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কঠোর নীতি গ্রহণ করা জরুরি। তার ভাষায়, ‘যদি কোনো দল টুর্নামেন্ট বা আয়োজক দেশের সঙ্গে সমস্যায় পড়ে, তাহলে তাদের সামনে দুটি পথ—খেলতে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করা, অথবা সরে দাঁড়ানো। এর বাইরে কোনো পথ ন্যায্য হতে পারে না। টাকার চেয়েও ক্রিকেটের স্বচ্ছতা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত।’
ব্যাট আনতে ভুলে গিয়েছিলেন ডি কক; অন্যের ব্যাটেই হাঁকালেন বিস্ফোরক সেঞ্চুরি
বিশ্বকাপের আগমুহূর্তে মুম্বাইয়ে ভয়াবহ বায়ু দূষণ; খেলতে হলো মাস্ক পরে!