শিরোপা জয়ের পথে সমর্থকেরাই কি চাপে ফেলছে আর্সেনালকে?

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বর্তমানে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে, কারাবাও কাপের সেমিফাইনালে চেলসির বিপক্ষে প্রথম লেগে জয় পেয়েছে এবং এফএ কাপের চতুর্থ রাউন্ডেও উঠেছে। তবু সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্স ঘিরে সমর্থকদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারার পর এমিরেটস স্টেডিয়ামে দর্শকদের দুয়োধ্বনি শোনা যায়। টানা তিন মৌসুম রানার্সআপ হওয়ার স্মৃতি নতুন করে শিরোপা হাতছাড়া হওয়ার ভয় জাগিয়েছে সমর্থকদের মনে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সমর্থকদের দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'আমরা অনেক কিছুই খুব ভালো করছি। উন্নতির জায়গা আছে, তবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।'

সমালোচনার বড় কারণ আর্সেনালের আক্রমণভাগের গোল খরা। ৬৪ মিলিয়ন পাউন্ডে দলে আসা ভিক্টর গিয়োকারেস প্রত্যাশা পূরণ করতে পারেননি। লিগে তার গোল মাত্র পাঁচটি, আর শেষ ১১ ম্যাচে নন-পেনাল্টি গোল নেই। এছাড়া বুকায়ো সাকার শেষ ১৩ ম্যাচে গোল নেই। গ্যাব্রিয়েল মার্তিনেলির শেষ ১৩ লিগ ম্যাচে গোল নেই, ননি মাদুয়েকের শেষ ২৫ লিগ ম্যাচে গোল নেই এবং লিয়ান্দ্রো ট্রোসার্ড শেষ ১১ ম্যাচে মাত্র একটি গোল করেছেন!

২০০৪ সালের পর আর প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি আর্সেনাল। অতীতে শীর্ষে থেকেও শিরোপা হারানোর অভিজ্ঞতা এবার সমর্থকদের আরও সতর্ক ও উদ্বিগ্ন করে তুলেছে। একজন সমর্থক লেখক বলেন, 'শিরোপা এত কাছে এসে আবার হাতছাড়া হওয়ার ভয় থেকেই আমাদের নার্ভাসনেস।'

আর্সেনাল সমর্থকদের একটি অংশ মনে করছে, এবারই সেরা সুযোগ—কারণ লিভারপুল পিছিয়ে পড়েছে, আর ম্যানচেস্টার সিটিও পুরোপুরি স্থির নয়। তবে একই সঙ্গে ভয়ও কাজ করছে—সবকিছু যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ফ্যান চ্যানেল এএফটিভির প্রতিষ্ঠাতা রবি লাইল বলেন, 'আমরা সেরা দল। এখন শুধু জিততে হবে। নার্ভাস হওয়াটা স্বাভাবিক, কিন্তু দলকে বিশ্বাস করতে হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত