৬০০ কোটি ডলারের মার্কিন যুদ্ধযান কিনবে ইসরায়েল

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

গাজায় চলমান নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে প্রায় সাড়ে ৬০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় ৩০টি অ্যাপাচি সশস্ত্র হেলিকপ্টার ও পদাতিক বাহিনীর জন্য আক্রমণাত্মক যান অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের অ্যাপাচি হেলিকপ্টার এবং ১৯৮ কোটি ডলারের সশস্ত্র যান কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৯০ কোটি ডলারের আরও কয়েকটি সামরিক চুক্তিও অনুমোদন পেয়েছে। রয়টার্সের সূত্রমতে, বোয়িং ও লকহিড মার্টিন প্রতিষ্ঠান এসব হেলিকপ্টার সরবরাহ করবে।
 
গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭১ হাজার ৬৬২ জন নিহত হয়েছেন।

ওয়াশিংটন বলছে, এই অস্ত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্র প্রতিবছরই ইসরায়েলকে কয়েকশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। তবে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজায় মানবাধিকার লঙ্ঘনে এসব অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। 

এদিকে, আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছাকাছি এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছেন। একই সময়ে সৌদি আরব ও আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত