খুলনা-৪ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এমন মন্তব্য করে বিএনপির তথ্য সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণের দোয়া ও ভালোবাসায় নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনই হবে তার প্রধান লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা-৪ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
সম্প্রতি তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, খুলনা-৪ আসনের সবচেয়ে বড় শক্তি হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো বিভেদ নয়—ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই হবে সমান অধিকারভুক্ত নাগরিক। ঐক্যের মাধ্যমেই খুলনা-৪ কে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা ও চিকিৎসা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। খুলনা-৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বৃত্তি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক সংকট নিরসন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা হবে।
নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সমাজ এগোবে না। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবার ও সমাজে তাদের অবস্থান সুদৃঢ় করা হবে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।
