ফটিকছড়িতে মান-অভিমান ভুলে এক মঞ্চে বিএনপি নেতারা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

সব মান-অভিমান দূরে ঠেলে একই মঞ্চে দাঁড়িয়ে ফটিকছড়িতে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতারা। দু'হাত তুলে দলের প্রার্থী সারোয়ার আলমগীরকে বিজয়ী করার আহ্বান জানালেন ভোটারদের কাছে।

শনিবার (৩১ জানুয়ারী) ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন কাজিরহাট বাজারে ধানের শীষের সমর্থনে আয়োজিত নির্বাচনী জন সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির তিন প্রভাবশালী নেতা। এরা হলেন দলের প্রার্থী সারোয়ার আলমগীর, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন, ফটিকছড়ি বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী। তারা তিনজন একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

ভুজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন বাচ্চুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ ছালাউদ্দিন। উদ্বোধক ছিলেন কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী। বক্তব্য রাখেন দুবাই বিএনপি সভাপতি রফিকুল আলম, আহমদ হোসেন তালুকদার, রাকিবুল আলম, জাহেদুল আলম মেম্বার প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির মাটি, বিএনপির ঘাঁটি। এটা আগামি ১২ফেব্রুয়ারী আবারো প্রমাণিত হবে। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটা ঠেকানোর শক্তি কারো নাই। ফটিকছড়ি তথা দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই। কোটি কোটি তরুণ তরুণী এবার প্রথম ভোট দেবে। এই প্রথম ভোটই তারা ধানের শীষে দেবে।

তিনি বলেন, ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত