নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে টানা ৭ ম্যাচ জিতে নিল বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

দুই ম্যাচ হাতে রেখেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা আগেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজ রবিবার নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে নিগার সুলতানার দল। সেটাও আবার ২০ বল হাতে রেখে। ডাচদের দেওয়া ১০৩ রানের টার্গেটে হেসেখেলে পৌঁছে যায় বাংলাদেশ। এতে বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতল লাল-সবুজের দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেস আক্রমণের মুখে পড়ে ডাচরা। নাহিদা আক্তার এবং মারুফা আক্তারের আগুনে বোলিংয়ে ধসে পড়ে তাদের টপ অর্ডার। প্রথম চার ব্যাটার দুই অংকেই যেতে পারেননি। মিডল অর্ডারে সানিয়া খুরানা ৩৭ বলে ৪৩ আর রবিন রিজকে ৪৫ বলে ৩৯ রান করেন। মজার ব্যাপার হলো, এই দুজন ছাড়া ডাচদের আর কেউই দুই অংকে যেতে পারেননি!

টাইগ্রেসদের বোলিং তোপের মুখে ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান তোলে ডাচরা। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রানে ৩ উইকেট নেন ম্যাচসেরা নাহিদা আক্তার। পেস তারকা মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার।

রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ৬ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার। এরপরই শারমীন আক্তারকে (১৩) সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। পরপর দুই ম্যাচে নিগারের ব্যাট থেকে আসে ফিফটি। ম্যাচ জিতিয়ে তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৭ চারে ৫০ রানে। সোবহানা মোস্তারী ২৩ বলে ৫ চার ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে আসে ৫৭ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত