জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জামায়াতে ইসলামী এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।'

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে তিনি এই মন্তব্য করেন। তিনি এবারের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।  

ফখরুল আরও বলেন, 'জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা উনি বলে থাকেন, তাহলে এটা অন্যায় করেছেন। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না।'

তিনি অভিযোগ করেন, 'জামায়াতে ইসলামী মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কী। গার্মেন্টসের মহিলাদের বলেছে ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। তারা কাজ না করলে খাবে কী। আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি পাবে কোথায়। কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না— এটা বাটপারি। নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ইসলাম ধর্মে বলা হয়েছে মেয়েদের যে প্রাপ্য অধিকার, সেটা প্রদান করতে হবে।' 

এছাড়া জামায়াত আমিরের 'এক্স' (সাবেক টুইটার) থেকে করা সাম্প্রতিক পোস্টের বিষয়ে তিনি বলেন, জামায়াত আমির যদি নারীবিদ্বেষী মন্তব্য করে থাকেন, তবে তা অন্যায়। তিনি আরও উল্লেখ করেন, দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে এবং বিএনপি সব দলকে নিয়ে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত