শরীয়তপুরের নড়িয়ায় যৌথ অভিযান চালিয়ে ৯৫টি ককটেল উদ্ধার করেছে সেনা বাহিনী ও পুলিশ। এঘটনায় তিনজন আটকসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুযারি) ভোর উপজেলার পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন ওই এলাকার মেহেদী হাসান, বাচ্চু পেদা ও রনি পেদা।
নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) অখিল রঞ্জন সরকার জানান, পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে এমন তথ্য আসে পুলিশের কাছে। এমন খবরের ভিত্তিতে সোমবার ভোরে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এসময় এলাকার পেদা মসজিদের বারান্দা, খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় ওই স্থান থেকে কয়েকটি টেটা, রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান , বাচ্চু পেদা ও রনি পেদা নামের তিনজনকে আটক করে। সকাল ৮টার দিকে উদ্ধার হওয়া ককটেল, অস্ত্র ও আটক তিনজনকে নিয়ে নড়িয়া থানায় আসেন উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার।
পুলিশ জানায়, গত বছর আগস্ট মাসে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ওই ককটেল গুলো পুলিশের এন্টিটেরিজন ইউনিটের সদস্যরা নিস্ক্রিয় করে। নড়িয়ার পোড়াগাঁছার পাশের গ্রাম জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত তিন দিনে নড়িয়া আরো তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
