হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা ভোটার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

স্বামীর পক্ষে নির্বাচনের প্রচারণায় গিয়ে ভোটারের কাছ থেকে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির হোসেন ওরফে আমির ডুবাইর বাড়িতে এই ঘটনা ঘটে। স্বর্ণের আংটি উপহার দেয়া বৃদ্ধা প্রবাসী আমির ডুবাইয়ের মাতা।

জানা যায়, আমির ডুবাইর বাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনি প্রচারণা উপলক্ষে পূর্ব নির্ধারিত উঠান বৈঠক ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। বৈঠকটি শুরু হওয়ার আগে নির্ধারিত আসনে গিয়ে বসেন তিনি। ওই সময় এক বৃদ্ধা জেদনীর হাতে একটি স্বর্ণের আংটি পরিয়ে দেন এবং তিনি এটিকে উপহার হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত নারী ভোটাররা করতালির মাধ্যমে তা বরণ করেন।

এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, হান্নান মাসুদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশের অংশ এটি। গত দেড় বছর হান্নান মাসউদ সাধারণ মানুষের জন্য যে কাজ করেছে এই উপহারের মাধ্যমে তা প্রস্ফুটিত হয়েছে। আমি তার স্ত্রী হিসেবে গর্ববোধ করছি। 

এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্র শক্তির হাতিয়া উপজেলার সদস্য সচিব আশিক এলাহী ও অন্যান্য নেতৃবৃন্দসহ গ্রামের শতাধিক নারী ভোটার ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত