সৌদি আরবের শীর্ষ ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার পর ক্লাবটিকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বলে আখ্যা দিয়েছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। দীর্ঘদিন ধরেই আল-হিলালের প্রতি তার আলাদা শ্রদ্ধা ও আগ্রহ ছিল বলেও জানিয়েছেন তিনি।
সোমবার আনুষ্ঠানিকভাবে বেনজেমার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় রিয়াদের ক্লাব আল-হিলাল। আল-ইত্তিহাদ জেদ্দার সঙ্গে চুক্তি শেষ করে ফ্রি ট্রান্সফারে দেড় বছরের জন্য নতুন ক্লাবে যোগ দেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
আল-হিলালের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত প্রতিক্রিয়ায় বেনজেমা বলেন, ‘আমার অনুভূতি দারুণ। আমি ভালো আছি এবং এখানে এসে খুবই খুশি।’ নতুন দলে প্রথম অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, ‘প্রথম ট্রেনিং সেশনের পর সতীর্থদের এবং টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছে। এই দলের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’
আল-হিলালের ইতিহাস ও সাফল্যের কথা তুলে ধরে বেনজেমা বলেন, ‘এটি একটি বড় দল, সমৃদ্ধ ইতিহাস রয়েছে, অনেক শিরোপা জিতেছে। এশিয়ায় এই ক্লাবটা রিয়াল মাদ্রিদের মতো।’ ক্লাবের পরিবেশ, দলগত মানসিকতা এবং সমর্থকদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। বেনজেমার ভাষায়, ‘সবকিছুই ভালো—এখানকার সমর্থকেরা দারুণ, দল ভালো খেলছে, মানসম্মত খেলোয়াড় রয়েছে, দারুণ মানসিকতা আছে এবং খুব ভালো কাজের পরিবেশ তৈরি করা হয়েছে।’
এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে আল-হিলালের বিপক্ষে খেলার স্মৃতিও তুলে ধরেন এই ফরাসি ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি অনেক বছর ধরেই এই দলটিকে পছন্দ করি। রিয়াল মাদ্রিদের হয়ে আল-হিলালের বিপক্ষে খেলেছি। ম্যাচটি সহজ ছিল না, বরং দারুণ একটি ম্যাচ ছিল। সেই স্মৃতি আমার কাছে খুব ভালো। আজ আমি নিজেই এই দলের খেলোয়াড়—এতে আমি খুব খুশি।’
নতুন অধ্যায়ে নিজের লক্ষ্য স্পষ্ট করে বেনজেমা বলেন, শিরোপা জিততেই তিনি মাঠে নামবেন। ‘আপনারা আমার মানসিকতা জানেন। আমার ভীষণ প্রেরণা রয়েছে। মাঠে আমি নিজের সর্বোচ্চটা দেব, এই দলকে সাহায্য করব। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে শিরোপা জিতব, কারণ শিরোপা জয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
‘ভারত বিপজ্জনক দল, আমি কুফা লাগাতে চাই না’