আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপ ফাইনালে মার্ক গুয়েহিকে খেলানোর জন্য নিয়ম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) বর্তমান নিয়ম অনুযায়ী গুয়েহি ফাইনালে খেলতে পারবেন না।
২৫ বছর বয়সী ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার মার্ক গুয়েহিকে নিউক্যাসলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ শেষে ক্রিস্টাল প্যালেস থেকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে অবশ্যই শীতকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে অথবা সেমিফাইনালের প্রথম লেগের আগে (যেটি আগে ঘটে) দলে যোগ দিতে হয়। এ শর্ত পূরণ না করায় গুয়েহি সেমিফাইনাল ও ফাইনালে খেলার যোগ্যতা হারান।
এ বিষয়ে গার্দিওলা বলেন, 'আশা করি আমরা কারাবাও কাপ কর্তৃপক্ষকে বোঝাতে পারব যে মার্ক গুয়েহি ফাইনালে খেলতে পারে। আমি বুঝতে পারছি না কেন সে খেলতে পারবে না। এত টাকা দিয়ে খেলোয়াড় কিনেও যদি তাকে খেলাতে না পারি—এটা আমার কাছে যুক্তিযুক্ত নয়। অ্যান্টোন সেমেনিও প্রথম লেগের আগে দলে যোগ দিয়েছিল, তাই সে খেলতে পেরেছে। এখন তো ফাইনাল—তাহলে গুয়েহি কেন খেলতে পারবে না? সে আমাদের খেলোয়াড়, আমরা তার বেতন দিচ্ছি।'
গার্দিওলা জানান, ক্লাব কর্তৃপক্ষকে তিনি ইতোমধ্যে বিষয়টি নিয়ে আবেদন করতে বলেছেন। উল্লেখ্য, চলতি মৌসুমে একটি নিয়ম পরিবর্তনের ফলে সেমেনিও ও ম্যাক্স অ্যালেইনের মতো খেলোয়াড়রা একই প্রতিযোগিতায় দুই দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার গুয়েহির ক্ষেত্রেও একই ধরনের নমনীয়তা চান ম্যানচেস্টার সিটির কোচ। আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে অনুষ্ঠিত কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল।
আল-নাসর ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো