২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
স্কাই স্পোর্টসের এক পডকাস্টে মাইকেল আথারটনের সঙ্গে আলোচনায় নাসের হুসেইন অভিযোগ করেন, প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণ বিশ্ব ক্রিকেটে বৈষম্য আরও বাড়িয়ে তুলছে। পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিলের ঘটনার জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি।
পরিস্থিতি আরও জটিল হয় যখন পাকিস্তান ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে। এতে বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। নাসের হুসেইন প্রশ্ন তোলেন, ভারত যদি একই ধরনের কারণে কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানাত, তবে আইসিসি কি এত কঠোর অবস্থান নিত?
নাসের হুসেইন বলেন, ‘ধরুন, কোনো টুর্নামেন্টের এক মাস আগে ভারত বলল, “আমাদের সরকার চায় না আমরা কোনো নির্দিষ্ট দেশে গিয়ে বিশ্বকাপ খেলি।” তখন কি আইসিসি এত কঠোর হতো? তারা কি বলত, “নিয়ম তো নিয়মই, দুর্ভাগ্যজনকভাবে তোমাদের বাদ দেওয়া হলো”? সব পক্ষের একটাই দাবি- সবার জন্য একই নিয়ম হতে হবে। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত—তিন দেশকেই সমানভাবে বিবেচনা করতে হবে।’
ইংল্যান্ডের সাবেক এই খ্যাতিমান অধিনায়ক আরও বলেন, ‘হ্যাঁ, ভারতের সমর্থকেরা বলতে পারে, “আরও কান্নাকাটি করো, আমাদের কাছে টাকা আছে!” কিন্তু ক্ষমতার সঙ্গে (ভারতের) দায়িত্বও নেওয়া উচিত। বারবার বাংলাদেশ বা পাকিস্তানকে কোণঠাসা করলে তাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। তাই ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশের যে ঐতিহাসিক উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো ছিল, সেগুলো সময়ের সঙ্গে একতরফা হয়ে গেছে।’
আলোচনার শেষ পর্যায়ে হুসেইন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নিজেদের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে, এটা আমার ভালো লেগেছে। পাকিস্তানও বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে—এটাও ভালো লাগছে। কোনো এক সময় তো কাউকে বলতে হবে, রাজনীতি অনেক হলো, এবার কি আমরা আবার ক্রিকেট খেলায় ফিরে যেতে পারি না?’
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। পাকিস্তান নির্ধারিত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তা জানানো হয়নি। উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিসিআই সূত্র জানিয়েছে, ম্যাচের আগে ভারত দল শ্রীলঙ্কায় অনুশীলন করবে।
আল-নাসর ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো
কারাবাও কাপ ফাইনালে নিয়ম পরিবর্তনের দাবি গার্দিওলার
মারমুশের জোড়া গোলে কারাবাও কাপের ফাইনালে ম্যান সিটি