রাত ৮টার পর মাইক ব্যবহার করে নির্বাচনী পথসভা করায় ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলমের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ ফেব্রয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার সময় ওই পথসভায় সারজিসের সঙ্গে সেখানে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধি ১৭ এর ২ ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা নির্ধারণ করলে তার নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জরিমানার ৫ হাজার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করেন। একইসঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারে সর্তক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ বলেন, অবাধ ও সুষ্টু নির্বাচনের স্বার্থে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে।
