ভারত ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল আলোচিত ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। বয়কট হলে বিশ্বকাপ সংশ্লিষ্ট সব পক্ষের জন্য বড় ধরনের আর্থিক ও পর্যটন ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়। চিঠিতে বলা হয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে হোটেল বুকিং বাতিল, ফ্লাইট রিজার্ভেশন কমে যাওয়া এবং বিভিন্ন লজিস্টিক সেবায় বিঘ্নসহ পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

পাকিস্তান সরকার বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। নিরাপত্তা ইস্যু তুলে ধরে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের নিরাপত্তা পরিস্থিতিকে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছিল।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, প্রয়োজনে তারা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের জন্য প্রস্তুত। সংস্থাটি সতর্ক করে বলেছে, এত বড় ম্যাচে অংশগ্রহণ না করলে ব্যাপক আর্থিক ক্ষতি, প্রত্যাশিত পর্যটন আয় হ্রাস এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব পড়তে পারে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অতীতে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও শ্রীলঙ্কা পাকিস্তানে একাধিকবার সফর করেছে। বিশেষ করে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর যখন অনেক দেশ পাকিস্তান সফরে অনিচ্ছা দেখিয়েছিল, তখন শ্রীলঙ্কা ক্রিকেট পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চিঠিতে এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে এসএলসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত