দীর্ঘ প্রতীক্ষা শেষে গত বছর প্রথমবার আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সম্প্রতি মেয়েদের আইপিএলেও ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এমন আনন্দের আবহের মাঝে এলো নতুন সুসংবাদ। আরসিবিতে বিনিয়োগ করতে চান ইংলিশ ফুটবল জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক অ্যাভরাম গ্লেজার।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরসিবির মালিকানায় অংশীদার হতে গ্লেজার প্রায় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে আরসিবির মালিকানা রয়েছে ডিয়াজিও ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হাতে। আইপিএল ২০২৫ মৌসুম শেষে ক্লাবটির মালিকানা কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, যার অংশ হিসেবে নতুন বিনিয়োগকারী খোঁজা হচ্ছিল।
খবরে বলা হয়, গ্লেজার ছিলেন মোট নয়জন দরদাতার একজন। তাদের মধ্য থেকে চারজনকে শর্টলিস্ট করা হয়েছে, যাদের মধ্যে তিনি অন্যতম। দ্য উইক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মালিকানার অংশীদারিত্ব আইপিএলের পুরুষ দল এবং উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নারী দল—উভয় ক্ষেত্রই অন্তর্ভুক্ত থাকবে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সরাসরি মালিকানা নেবে না; অ্যাভরাম গ্লেজার ব্যক্তিগতভাবে এই বিনিয়োগের আবেদন করেছেন।
বর্তমানে রাজত পাতিদার আরসিবির পুরুষ দলের অধিনায়ক এবং স্মৃতি মান্ধানা নারী দলের নেতৃত্ব দিচ্ছেন। এখন পর্যন্ত আরসিবি মোট তিনটি শিরোপা জিতেছে। গত বছর ছেলেদের আইপিএলে ২০২৪ ও ২০২৬ সালে মেয়েদের আইপিএলে। ক্রিকেটে এটি ম্যানচেস্টার ইউনাইটেড মালিকদের প্রথম আগ্রহ নয়। গ্লেজার পরিবার ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের মালিকানায় আছে।
সাম্প্রতিক এক বিশ্লেষণ অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের ফুটবল ক্লাবগুলোর একটি, যার বাজারমূল্য প্রায় পাঁচ বিলিয়ন ইউরোর কাছাকাছি। অন্যদিকে গ্লেজার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বলে জানা গেছে। ইউরোপীয় ফুটবল থেকে এশিয়ার ক্রিকেটে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০১৬ বিশ্বকাপের মতোই কেউ আমাদের সুযোগ দিচ্ছে না: ড্যারেন স্যামি
১২৬ মিলিয়ন রুপিতে পিএসএলের সবচেয়ে দামী ক্রিকেটার সাইম আইয়ুব