রাশিয়ার উফা শহরের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতের ঘটনায় চারজন ভারতীয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দূতাবাস ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রে অবস্থিত স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলের পাশের একটি স্পোর্টস হলে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে শিক্ষার্থীদের ওপর ছুরিকাঘাত শুরু করে।
হামলাকারীকে আটক করতে গেলে সে দুই পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে। পরে সন্দেহভাজন কিশোর নিজেকেও আঘাত করে বলে জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ তাকে আটক করেছে এবং ঘটনায় জড়িত আরও কেউ থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রুশ গণমাধ্যমের তথ্যমতে, সন্দেহভাজনদের একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
মস্কোর ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, “এই ঘটনায় চারজন ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আহত শিক্ষার্থীদের সহায়তায় কাজান শহর থেকে কনস্যুলেটের কর্মকর্তারা উফায় পৌঁছেছেন।”
দূতাবাস জানিয়েছে, আহত শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ ঘটনায় নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ঘটনার পর বিদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডায় ১৭ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন ভারতীয় শিক্ষার্থী বিভিন্ন সহিংস ঘটনার শিকার হয়েছেন। ভারত সরকার জানিয়েছে, বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার।
