রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসার ৫ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক নারীর আত্মহননের ঘটনা ঘটেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার থেকে জানা যায়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাজারীবাগ গজমহল এলাকায় ১২১ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
হাসপাতালে মৃত আমেনা খাতুনের ভাগিনা শান্ত হাসান জানান, হাজারীবাগ গজমহল ১২৭ নম্বর বাসা তাদের নিজেদের। এ ভবনের ৩ তলায় থাকত তার খালা আমেনা খাতুন। রবিবার ঘটনার সময় সবার অগোচরে পাশের ১২১ নম্বর বাসার ৫ তলার ছাদ ওঠেন। সেখান থেকে নিচে লাফিয়ে নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও জানান, আমেনা খাতুনের স্বামী লোকমান হোসেন অনেক আগে মারা গেছেন। তিন সন্তান নিয়ে গজমহলের বাসায় থাকতেন তার খালা। ছয় মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
এদিকে, হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, রবিবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত নারীর স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি মানসিক রোগী ছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
