সাবেক অস্ট্রেলিয়ান তারকা ফাস্ট বোলার ব্রেট লি জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া ছেড়ে এখন থেকে স্থায়ীভাবে দুবাইতেই বসবাস করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা ভক্তদের জানান লি। সেখানে তিনি বলেন, শুরুতে কাজের প্রয়োজনে কয়েকবার দুবাই সফর করলেও সময়ের সঙ্গে সঙ্গে সেসব সফর বড় সুযোগে রূপ নেয়। এরপরই দুবাইকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ব্রেট লির ভাষ্য, বর্তমানে দুবাই তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখানে যেমন পেশাগত সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে ভারসাম্যপূর্ণ ও শান্ত জীবনযাপনের সুযোগ। দুবাইয়ে তিনি অনেক নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন, পেয়েছেন নতুন কাজের ক্ষেত্র এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ।
দুবাইয়ের পরিবেশকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে সাবেক এই পেসার বলেন, এখানকার উদ্যম ও এগিয়ে যাওয়ার মানসিকতা মানুষকে সামনে এগোতে উৎসাহিত করে। তার মতে, দুবাই এমন একটি শহর, যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন কিছু করার এবং শেখার অনুভূতি কাজ করে।
বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রেট লি। তিনি জানান, দুবাইয়ে তার সন্তানরা দ্রুত বিকশিত হচ্ছে। এখানকার স্কুলগুলোর মান ভালো এবং সর্বত্র ক্রীড়া সুবিধা থাকায় শিশুদের ব্যক্তিত্ব গঠনে তা ইতিবাচক ভূমিকা রাখছে।
তবে অস্ট্রেলিয়ার প্রতি নিজের আবেগের কথাও স্পষ্ট করে বলেছেন লি। তার ভাষায়, নিজের দেশকে সবসময়ই তিনি গর্বের সঙ্গে ‘ঘর’ বলে ভাববেন। অস্ট্রেলিয়ায় কাটানো জীবন ও স্মৃতি চিরকালই তার হৃদয়ের কাছাকাছি থাকবে।
একই সঙ্গে তিনি যোগ করেন, সব কিছুর পরও দুবাইয়ের প্রতি তার আলাদা এক টান তৈরি হয়েছে—কারণ এই শহরের মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে, যা তাকে নতুনভাবে জীবন গড়ার অনুপ্রেরণা দিচ্ছে।
এমবাপ্পেকে বর্ণনা করার বিশেষণ ফুরিয়ে আসছে রিয়াল কোচের