ইরানে সংস্কারপন্থী নেতাদের গ্রেপ্তার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

ইরানে সংস্কারপন্থী ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর জোট ‘রিফর্ম ফ্রন্ট’-এর একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সংস্কারপন্থী দল ইসলামিক ইরান নেশনস ইউনিয়ন তাদের মহাসচিব আজার মানসুরির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

সংস্কারপন্থী দৈনিক শার্গ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৮ ফেব্রুয়ারি) আজার মানসুরিকে ইব্রাহিম আসগারজাদেহ ও মোহসেন আমিনজাদেহসহ আটক করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। আজার মানসুরির আইনজীবীর বরাতে জানা গেছে, রিফর্ম ফ্রন্টের মুখপাত্র জাভাদ ইমামকেও গ্রেপ্তার করা হয়েছে।

এই গ্রেপ্তারগুলো এমন এক সময়ে হলো, যখন গত মাসের সহিংস আন্দোলনের পর নতুন করে বিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে কঠোর অভিযান চালাচ্ছে ইরানি কর্তৃপক্ষ। ওই আন্দোলনকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা হিসেবে বর্ণনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে হাজারো মানুষকে আটক করা হয়েছে।

শার্গ আরও জানায়, রিফর্ম ফ্রন্টের অন্তত আরও দুই সদস্যকে তেহরানের ইভিন কারাগারে প্রসিকিউটরের দপ্তরে হাজির হতে বলা হয়েছে। আজার মানসুরির আইনজীবী জানান, গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে রিফর্ম ফ্রন্ট আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

এর মধ্যে বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম মিজান জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমর্থনের অভিযোগে চারজন ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের’ বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক সহিংসতার পেছনে ছিল ‘দাঙ্গাকারী ও সশস্ত্র সন্ত্রাসী’, যাদের বিদেশি শত্রুরা মদদ দিয়েছে।

এর আগে রিফর্ম ফ্রন্ট সরকারবিরোধী কড়া অবস্থান নেয়। সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর জোটটির নেতারা সতর্ক করে বলেছিলেন, মৌলিক সংস্কার না হলে দেশ ‘ধীরে ধীরে ভাঙনের পথে’ এগিয়ে যাবে। তবে আজার মানসুরির আইনজীবী জানিয়েছেন, ওই বক্তব্যের প্রেক্ষিতে দায়ের করা কোনো মামলার সঙ্গে সাম্প্রতিক গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত