রাত পোহালে ভোট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লাঠি ও ইট-পাটকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এঘটনায় জড়িত থাকার অভিযোগে হিলাল উদ্দিন নামে এক যুবককে হাতেনাতে ধরে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নারুয়া বাজার এলাকা লাঠি ও ইটসগ তাকে আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন (৪০) উপজেলার নারুয়া বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে পরিচালিত এ অভিযান থেকে মোট ৫৪টি লাঠি ও পাঁচ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। অভিযানে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রুবাইয়াতসহ সেনা সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানান, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ করার খবর পেয়ে নারুয়া বাজার এলাকায় অভিযোগ চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে লাঠি ও পাঁচ ব্যাগ ইট-পাটকেলসহ হিলাল উদ্দিনকে হাতেনাতে ধরা হয়। পরে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
