নিষিদ্ধ সময়ে ফেসবুকে ‘ধানের শীষ’ প্রচারের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ তানজীর হোসেন স্বাক্ষরিত নোটিশে ওই শোকজ জারি করা হয়।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের প্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গতকাল ১০ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এছাড়াও যোগদানের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে প্রচার করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) চেয়ারম্যান তানজির হোসেন বলেন, 'সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ করা হয়েছে। আজ তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
৯৯৯ কল পেয়ে পুকুর থেকে লাঠি উদ্ধার