ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন কে?

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

দ্বিপক্ষীয় সম্পর্কে টানা পোড়েনের মধ্যে নয়া দিল্লি যখন ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিচ্ছে, তখনই এক সম্ভাবনার কথা সামনে এল। আলোচনায় সন্দীপ চক্রবর্তী। ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সন্দীপ চক্রবর্তী। তাও প্রায় এক যুগ আগে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়য়ের পর সন্দীপ চক্রবর্তীকে নিয়ে ফের আলোচনা হচ্ছে। বলা হচ্ছে তাকে পরবর্তী হাইকমিশনার করে ফের বাংলাদেশে পাঠানো হতে পারে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের শেষ দিকে ঢাকায় হাইকমিশনার পদের জন্য বিবেচনাধীন কূটনীতিকদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল। ২০২৩ সালের অগাস্ট থেকে জাকার্তায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন সন্দীপ চক্রবর্তী। বাণিজ্য থেকে প্রতিরক্ষা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ও দিল্লির মধ্যকার বর্তমান সম্পর্কের টানাপোড়েন কাটাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারত সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে।

১৯৯৬ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা সন্দীপ চক্রবর্তী বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। এর আগে তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলা ভাষায় পারদর্শিতা এবং বাংলাদেশ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকায় তাকে এই পদের জন্য বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ২০২২ সালের অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত