ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় গ্রেপ্তার হোন তিনি। বিশাল দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে তিনি গত বছর পদত্যাগ করেছিলেন। দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাবু জানায়, সাবেক জ্বালানিমন্ত্রীর বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে, যা আইন ও আদালতের অনুমোদনের শর্তানুযায়ী পরিচালিত হচ্ছে।
এক বিবৃতিতে ন্যাবু জানায়, রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের সময়, ন্যাবুর গোয়েন্দারা ‘মিদাস’ মামলার অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন। বিবৃতিতে গালুশচেঙ্কোর নাম উল্লেখ করা হয়নি, তবে তিনি গত বছর দেশটির জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নভেম্বর মাসে পদত্যাগ করেন।
২০২৫ সালে গালুশচেঙ্কো ছিলেন কয়েকজন মন্ত্রীর একজন, যারা পদত্যাগ করেন, যখন ন্যাবু দেশটির জ্বালানি খাতে একটি বিশাল অর্থপাচার চক্রান্ত উন্মোচন করে, যা তদন্তকারীদের বিশ্বাস অনুযায়ী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগির দ্বারা পরিচালিত হয়েছিল। ন্যাবু জানায়, চক্রান্তকারীরা ১০০ মিলিয়ন ডলারের একটি কমিশনভিত্তিক কৌশল পরিচালনা করে অর্থ আত্মসাৎ করেছিল, যা রাশিয়ার হামলায় সৃষ্ট ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সময়ে জনরোষের সৃষ্টি করে। তদন্তকারীরা জানান, এর ফলে গালুশচেঙ্কো ‘ব্যক্তিগত সুবিধা’ পেয়েছিলেন।
দীর্ঘদিন ধরেই ইউক্রেন দুর্নীতিতে জর্জরিত এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণকে একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখা হচ্ছে।
