লেবানন ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি যানবাহনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল-আহমদ নামে এক সিরীয় নাগরিক রয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, লেবাননের মাজদাল আঞ্জার এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল। অন্যদিকে, এ বিষয়ে ইসলামিক জিহাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি সশস্ত্র গোষ্ঠী, যারা গাজায় হামাসের পাশাপাশি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই করছে। গোষ্ঠীটি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত। উল্লেখ্য, ২০২৩ সালে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে হামলা শুরু করেছিল হিজবুল্লাহ।
২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে অভিযোগ রয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে এই চুক্তির শর্ত লঙ্ঘন করে যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধবিরতি হওয়ার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনী লেবাননে ১০ হাজারেরও বেশি আকাশ ও স্থল হামলা চালিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর গত বছরের নভেম্বরে জানায় যে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন নারী এবং ১৬ জন শিশু রয়েছে। এছাড়া একই সময়ে ইসরায়েলি বাহিনী অন্তত ১১ জন লেবানিজ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে বলেও জানানো হয়েছে।
ইসরায়েলের অব্যাহত সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে গত মাসে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে লেবানন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল ২০২৫ সালের শেষ তিন মাসেই ইসরায়েল অন্তত ২,০৩৬ বার লেবাননের আকাশসীমা ও ভূখণ্ড লঙ্ঘন করেছে। লেবানন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যেন ইসরায়েলকে হামলা বন্ধ করতে এবং দেশটির ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে পিছু হটতে বাধ্য করা হয়।
বর্তমানে ইসরায়েল লেবাননের পাঁচটি এলাকা দখল করে রেখেছে। এর ফলে সীমান্ত সংলগ্ন ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন থমকে আছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ নিজ ঘরে ফিরতে পারছেন না।
সূত্র: আল-জাজিরা
১৯ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ