সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানকার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে হওয়া এক অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয় করে হাসাকাহর গ্রামাঞ্চলে অবস্থিত আল-শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে সিরিয়ান আরব সেনাবাহিনীর সদস্যরা।
২০১৬ সালে কুর্দি বাহিনী জঙ্গি গোষ্ঠী আইএস-এর কাছ থেকে আল-শাদ্দাদি দখল করার পর থেকে মার্কিন সেনারা সেখানে অবস্থান করছিল। তবে সম্প্রতি এই অঞ্চলে মার্কিন সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরাক ও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত আল-তানফ মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণও বুঝে নেয় সিরীয় সেনাবাহিনী।
অস্ত্রবিরতি চুক্তির বাস্তবায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের তিনি বলেন, ‘মাঝখানে কিছু দিন উদ্বেগ থাকলেও সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক। আমাদের এই ধারা বজায় রাখতে হবে। এখন মূল বিষয় হলো চুক্তির বাস্তবায়ন এবং আমরা এ বিষয়ে গভীরভাবে যুক্ত থাকব।’
রুবিও আরও জানান, দেশের ড্রুজ, বেদুইন এবং আলাউইট সম্প্রদায়ের সঙ্গেও একই ধরনের চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। তার মতে, সিরিয়া আটটি খণ্ডে বিভক্ত হয়ে গৃহযুদ্ধ ও গণ-অভিবাসনের পথে হাঁটার চেয়ে এই সমাধান অনেক বেশি ফলপ্রসূ।
আলেপ্পো থেকে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত কয়েক সপ্তাহ ধরেই আল-শাদ্দাদি ঘাঁটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল মার্কিন সেনারা। চলে যাওয়ার আগে তারা সেখানে থাকা সরঞ্জাম ও মালামাল ধ্বংস করায় স্থানীয়রা বিস্ফোরণ ও আগুনের কুণ্ডলী দেখতে পেয়েছেন।
বর্তমানে সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা ১,৫০০ থেকে কমিয়ে ৯০০-তে নামিয়ে আনা হয়েছে। তবে স্থল সেনা কমালেও আইএস দমনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ৩ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তারা ৩০টি লক্ষ্যবস্তুতে ১০টি বিমান হামলা চালিয়েছে এবং গত দুই মাসে অন্তত ৫০ জন জঙ্গিকে হত্যা বা আটক করেছে।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানিয়েছেন, আইএস-এর যেকোনো হুমকি মোকাবিলায় মার্কিন বাহিনী সদা প্রস্তুত থাকবে।
সূত্র: আল-জাজিরা
লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ১১ ফিলিস্তিনিকে হত্যা