রমজানের আগেই হিলিতে লেবু-খিরার দাম দ্বিগুন, বিপাকে মানুষ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

রমজানকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের দামে ছাড় দেওয়ার হিড়িক পড়লেও বাংলাদেশে এর চিত্র উল্টো। সরবরাহ কমের অজুহাতে রমজান শুরুর আগেই দিনাজপুরের হাকিমপুরের হিলিতে লেবু ও খিরার দাম বেড়ে দ্বিগুন হয়েছে। হঠাৎ দাম বাড়াই বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে অন্যান্য সবজি আগের মতই স্থিতিশীল রয়েছে।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেশিরভাগ সবজির দোকানেই লেবুর দেখা মিলছে না।  দুই একটি দোকানে শোভা পেলেও দাম বাড়তি। একইভাবে সব দোকানেই খিরা থাকলেও দাম বেশি। দুদিন আগে যে লেবু ২০ থেকে ৩০ টাকা হালি বিক্রি হয়েছিল সেই লেবু এখন ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। আকারে বড় লেবুর দাম কেউ কেউ এর চেয়ে বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। আর খিরা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুন আগের মতই ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, প্রতি পিস ২০ টাকা দরে বিক্রি হচ্ছে  ফুলকপি ও বাধাকপি, প্রতি কেজি শিম ২০, টমেটো ৪০, আলু ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবু ক্রেতা নির্মল কুমার বলেন,বাড়িতে অনুষ্ঠান থাকায় আমার লেবু লাগবেই কিন্তু বাজারে লেবু কিনতে এসে আমি তো রীতিমত অবাক। এক হালি লেবু চাচ্ছে ১শ টাকা। আমার জীবনে এত দাম দিয়ে কোনদিন লেবু কিনে খায়নি। তারপরও যেহেতু লাগবেই সেহেতু নিয়েছি।

অপর ক্রেতা আসলাম হোসেন বলেন,দুদিন আগেই বাজার থেকে লেবু কিনে নিয়ে গেলাম ২০টাকা হালি অথচ সেই লেবু আজ কিনতে এসে দাম শুনি ৪০টাকা শুরু করে ৬০ টাকা হালি চাচ্ছে। যেগুলো আকারে ছোট সেটির একটু দাম কম চাইছে আর যেটি একটু বড় তার বাড়তি দাম চাইছে। রমজান শুরু না হতেই এখনই লেবুর যে দাম তাতে করে রমজানে তো লেবু কিনে খাওয়া সম্ভব হবে বলে মনে হয় না।

বাজারে খিরা কিনতে আসা আব্দুল মালেক বলেন,রমজান শুরু না হতেই বাজারে তো পণ্যের দামে আগুন লেগেছে। বিশেষ করে খিরার দাম বেড়ে দ্বিগুন হয়ে গেছে যে খিরা দুদিন আগেও কিনেছি ৩০ টাকা কেজি সেই খিরা এখন দাম বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে।

হিলি বাজারের সবজি বিক্রেতা আব্দুস সালাম বলেন, বর্তমানে বাজারে শীতকালীন সবজির যথেষ্ট সরবরাহ থাকায় দাম আগের মতই স্থিতিশীল রয়েছে।সবধরনের সবজির দাম ২০টাকা থেকে শুরু করে ৪০টাকার মধ্যেই রয়েছে। কিন্তু বর্তমানে লেবুর মৌসুম না থাকার কারণে বাজারে বেশ কিছুদিন ধরে লেবু ছিলই না। বর্তমানে কয়েকদিন ধরে সীমিত পরিমানে বাজারে লেবুর সরবরাহ রয়েছে। কিন্তু সেই তুলনায় বাড়তি চাহিদা থাকার কারণেই দাম কিছুটা বেড়েছে। এছাড়া সবেমাত্র হিলিসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে খিরা উঠতে শুরু করেছে যার কারণে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণে দাম ঊধ্বমুখি। কিছুদিন গেলে পর্যাপ্ত পরিমাণে খিরা উঠতে শুরু করবে। এতে করে সেসময় রমজানকে ঘিরে চাহিদা বাড়লেও সরবরাহ বাড়ার কারণে দাম কমে আসবে বলে আমরা আশা করছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন বলেন,কেউ যেন কোন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি। বিশেষ করে রমজান কেন্দ্রিক যেসব পণ্যের চাহিদা থাকে সেগুলোর দাম বাড়াতে না পারে। কারও বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে জরিমানাসহ আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত