বিশ্বকাপ সুপার এইট: আফগানিস্তানের চাবি কানাডার হাতে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আফগানিস্তানের সুপার এইটে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে আগেই। সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে নিজেদের দুই ম্যাচে জিততে তো হবে, তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে। তেমনই আশা বাঁচিয়ে রাখা এক জয় পেয়েছে আফগানিস্তান। দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রশিদ খানের দল।

গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করে আরব আমিরাত করে ৯ উইকেটে ১৬০ রান। শোহাইব খান ৪৮ বলে ৬৮ এবং আলিশান শরাফু ৩১ বলে ৪০ রান করেন। তৃতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন দুজন। আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। অধিনায়ক রশিদ নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। ১৫তম ওভারে মুহাম্মদ আরফানকে হিট উইকেট করে পাওয়া এই উইকেটটি তাঁর ৭০০তম। টি-টুয়েন্টিতে এমন কীর্তি আর কারও নেই।

আজমাতুল্লাহ ওমরজাই

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান দ্বিতীয় বলেই হারায় রহমানউল্লাহ গুরবাজের উইকেট। তবে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও ওমরজাইয়ের দৃঢ়তায় জয় তুলতে বেগ হয়নি দলটির। জাদরান ৪১ বলে ৫৩ রান করে আউট হলেও ওমরজাই অপরাজিত থাকেন ২১ বলে ৪০ রানে।

আফগানিস্তানদের জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। এখন আফগানিস্তানের যে সম্ভাবনা টিকে আছে, তার সাথে জড়িত কানাডা। কানাডা আজ নিউজিল্যান্ডকে হারালে ৪ পয়েন্টের লড়াই হবে। শেষ ম্যাচে আফগানিস্তান আবার কানাডাকে হারালে নেট রানরেটের হিসেবে সুপার এইটে উঠতে পারে আফগানিস্তান। 

দুটির বেশি দলের ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই বলে দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত হয়েছে আজই। আগামীকাল নিউজিল্যান্ড যদি কানাডাকে হারায়, তবে তারাও উঠে যাবে। বিদায় নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তান ও আরব আমিরাতের।

সংক্ষিপ্ত স্কোর

আরব আমিরাত : ২০ ওভারে ১৬০/৯ (সোহেইব ৬৮, শারাফু ৪০, ওমারজাই ৪-০-১৫-৪, মুজিব ৪-০-৩১-২, রশিদ ৪-০-২৪-১)।
আফগানিস্তান : ১৯.২ ওভারে ১৬২/৫ (ইব্রাহিম জাদরান ৫৩, ওমারজাই ৪০*, রাসুলি ৩৩, জুনায়েদ ৩.২-০-২৩-২, আরফান ৪-০-৩০-২, জাওয়াদউল্লাহ ৪-০-৩৯-১)। 
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত