লা লিগায় শীর্ষে ফেরার বড় সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা। কাতালান ডার্বিতে জিরোনার মাঠ এস্তাদিও মনতিলিভিতে উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ২-১ ব্যবধানে হেরে গেছে। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন; তার শট পোস্টে লেগে ফিরে আসে। কাছ থেকে আরও কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে অবশেষে এগিয়ে যায় বার্সেলোনা। ডানদিক থেকে জুল কুন্দের ক্রস থেকে দারুণ হেডে বল জালে পাঠান তরুণ ডিফেন্ডার পাউ কুবর্সি। লিগে এটি তার প্রথম গোল। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই সমতা ফেরায় জিরোনা। ভ্লাদিস্লাভ ভানাতের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে জালে পাঠান তোমা লেমার। ম্যাচের শেষদিকে নাটকীয়তা চরমে ওঠে। ৮৬ মিনিটে বদলি নেমে জয়সূচক গোল করেন ফ্রান বেলত্রান।
গোলের আগে কুন্দেকে ফাউল করা হয়েছিল বলে বার্সেলোনা দাবি করলেও ভিএআর যাচাই শেষে গোল বহাল থাকে। যোগ করা সময়ে জিরোনা দশ জনের দলে পরিণত হয়। বদলি খেলোয়াড় জোয়েল রোকা বিপজ্জনক ট্যাকলে ইয়ামালকে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখেন। তবু শেষ মুহূর্তে সমতা ফেরাতে পারেনি বার্সেলোনা। এই হারে শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ২ পয়েন্ট পিছিয়ে পড়ল হান্সি ফ্লিকের দল।
অস্ট্রেলিয়াকে প্রায় ছিটকে দিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা
বিশ্বকাপে 'প্রথমবার' ইতালিকে হারালো ইংল্যান্ড