অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের ভুমিধস জয়ে গতকাল সোমবার বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। পাল্লেকেলেতে তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ১০ চার ৫ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস। ১৮২ রান তাড়ায় ২ ওভার বাকি রেখেই ৮ উইকেটে জিতে যায় শ্রীলঙ্কা। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তার সেঞ্চুরির স্বপ্ন পূরণ হয়েছে। একইসঙ্গে হয়েছে দারুণ সব রেকর্ড।
ম্যাচ শেষে নিশাঙ্কা বলেন, ‘এই বিশ্বকাপে সেঞ্চুরি করা আমার একটি বড় লক্ষ্য ছিল। সেটা পূরণ করতে পেরে আমি আনন্দিত। আমরা আগে এই উইকেটে একটি ম্যাচ খেলেছি এবং জানতাম এটি ব্যাটিংয়ের জন্য ভালো। কুশল এবং আমি ভালো ব্যাটিং করেছি। অস্ট্রেলিয়ার বোলারদের জবাব দিতে পেরেছি। প্রথম উইকেট হারানোর পর কুশল এবং আমি পরিকল্পনা করেছিলাম ভালো একটি পাওয়ারপ্লে খেলার। সেটা বাস্তবায়ন করতে পেরেছি।’
নিশাঙ্কার ইনিংসটি এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি আর বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কার কোনো ক্রিকেটারের জন্য দ্বিতীয়। ১৬ বছর আগে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক ১০০ রান করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। তবে সব দলের হিসেবে টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরিয়ান নিশাঙ্কাই। ২০১৪ বিশ্বকাপে উমর আকমলের ৯৪ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে রান তাড়ায় তিন অঙ্ক স্পর্শ করা প্রথম ব্যাটসম্যান নিশাঙ্কা। ২০১৮ সালে হারারেতে পাকিস্তানের ফখর জামানের ৯১ ছিল আগের সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে একাধিক সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান এখন নিশাঙ্কা। গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিনি প্রথম সেঞ্চুরি করেছিলেন। এছাড়া এই ফরম্যাটে শ্রীলঙ্কার হয়ে একটি করে সেঞ্চুরি করেছেন মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান ও কুশল পেরেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ সেঞ্চুরি দেখা গিয়েছিল ২০২২ বিশ্বকাপে। সেবার সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের দ্বাদশ সেঞ্চুরি এটি। তবে রান তাড়ায় নিশাঙ্কার আগে মাত্র দুজন সেঞ্চুরি করেছেন। ২০১৪ আসরে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস অপরাজিত ১১৬ রান করেন। এছাড়া ২০১৬ বিশ্বকাপে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০০ করেছিলেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল।
নিশাঙ্কার ইনিংসটি নিয়ে শ্রীলঙ্কার মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হলো ৪টি। মজার ব্যাপার হলো, সবগুলোই পাল্লেকেলেতে! এই মাঠে আগের তিনটি সেঞ্চুরি করেছেন তিলকরত্নে দিলশান, ব্রেন্ডন ম্যাককালাম ও গ্লেন ম্যাক্সওয়েল। নিশাঙ্কার সঙ্গে দারুণ জুটির পথে ৫১ রানের ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। এর মাধ্যমে চলতি আসরের তিন ম্যাচের প্রতিটিতি তিনি পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিয়েছেন।
‘তিলক-রিঙ্কুকে দিয়ে বোলিং করিয়ে পাকিস্তানের গালে চড় মেরেছেন সূর্যকুমার’
বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেন কানাডার যুবরাজ সামরা
ভারতের কাছে হেরে কপাল পুড়ছে দুই পাকিস্তানি তারকার?