ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মন্ত্রীসভার শপথ গ্রহণের আহ্বান পাওয়ার পর গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রকাশিত তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেন পুতুল। ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন।
পুতুল নাটোরের সাবেক প্রভাবশালী নেতা ও বিএনপির প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছিলেন। দীর্ঘ দেড় যুগ পর বাবার হারানো আসন পুনরুদ্ধারের মধ্য দিয়ে সেই রাজনৈতিক ধারাবাহিকতাই আবারও ফিরিয়ে আনেন তিনি।
মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি এবং নারী, শিশু ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আশা, জাতীয় পর্যায়ের এই দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করবেন।
এ বিষয়ে ফারজানা শারমিন পুতুল এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা 