ইংলিশ প্রিমিয়ার লিগে তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স-এর মাঠে দুই গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি লিগ শীর্ষে থাকা আর্সেনাল। শেষ মুহূর্তের গোলে ২-২ ড্র করে আর্সেনালের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে স্বাগতিকরা, যা সুবিধা করে দিয়েছে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ৫ মিনিটে বুকায়ো সাকা ডেকলান রাইসের বাড়ানো বল থেকে হেড করে গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধে আর্সেনালই দাপট দেখালেও আর গোল বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ অব্যাহত রেখে ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো ইনকাপিয়ে। এটি ছিল ক্লাবটির হয়ে তার প্রথম লিগ গোল।
তবে পাঁচ মিনিট পরই ঘুরে দাঁড়ায় উলভস। ৬১ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমান হুগো বুয়েনো। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নাটকীয় সমতা এনে দেন বদলি খেলোয়াড় টম এডোজি। বক্সের প্রান্ত থেকে তার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে। গোলটি ঠেকাতে পারেননি আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।
এই ড্রয়ের ফলে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল আর্সেনাল। তারা এখনও শীর্ষে থাকলেও এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ব্যবধান এখন মাত্র পাঁচ পয়েন্ট। মোলিনিউক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তের এই সমতায় স্বাগতিকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
চোট নিয়ে মাঠ ছাড়লেন লাউতারো; আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা কতটা?
বর্ণবাদবিরোধী লড়াইয়ের প্রতীক ভিনি: রিয়ালে আট বছরে অভিযোগ ২০টি