গাড়ি কিনে না দেওয়ায় গায়ে আগুন যুবকের

বাবা-মা-ভাইও দগ্ধ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ এএম

মানিকগঞ্জে বাবা-মার কাছে প্রাইভেট কার কেনার টাকা চেয়ে না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে ‘আত্মহত্যা’র চেষ্টা করেন জনি বিশ্বাস নামে এক মাদকাসক্ত যুবক। তাকে বাঁচাতে গিয়ে একই পরিবারের আরও তিনজনসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন জনি বিশ্বাস, তার বাবা শামসুল বিশ্বাস (৬৫), মা মাফিয়ারা বেগম (৫৫) ও ভাই মাসুম বিশ্বাস (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শামসুল বিশ্বাসের দুই ছেলের মধ্যে ছোট ছেলে জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সম্প্রতি তিনি বাবার কাছে একটি প্রাইভেট কার কিনে দেওয়ার দাবি করে আসছিলেন। গাড়িটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করার কথা বললেও পরিবার এ দাবি মানেনি। এতে ক্ষুব্ধ হয়ে গত বুধবার সন্ধ্যায় জনি ঘরের ভেতর নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বতিলা-মিতরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘গায়ে আগুন দেওয়ার বিষয়টি টের পেয়ে তার বাবা, মা ও ভাই ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এতে তারা সবাই গুরুতর দগ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতে চারজনকেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।’ মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার চেষ্টা বলেই জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত