চলতি বিশ্বকাপে ফর্মহীনতার জন্য বাবর আজমের তুমুল সমালোচনা হচ্ছে। দাবি উঠেছে বাদ দেওয়ার। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট পড়ে গেলেও, তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি। ফলে দলে তার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এ বিষয়ে এবার মুখ খুললেন পাকিস্তান কোচ মাইক হেসন। সোজাসুজি বলে দিলেন, বাবর আজমের স্ট্রাইকরেট দলের চাহিদা মেটাচ্ছে না।
গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে চার নম্বরে খেলানো হয় বাবরকে। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮ বলে ১৫, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ বলে ৪৬ ও ভারতের বিপক্ষে ৭ বলে ৫ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে হেসন বলেন, ‘বাবর খুব ভালোভাবেই জানে যে বিশ্বকাপে পাওয়ারপ্লেতে তার স্ট্রাইক রেট একশর নিচে। এটা স্পষ্ট যে এই পজিশনে আমরা এমন খেলোয়াড় চাই না।’
নামিবিয়ার বিপক্ষে বাবরকে চার নম্বরে না নামানোর বিষয়ে মাইক হেসন বলেন, ‘সেদিন আমরা যখন ১২তম ওভারে পৌঁছাই, তখন ওই অবস্থায় বাবর আজম ব্যাট করতে নামার জন্য উপযুক্ত ব্যক্তি ছিল না। আমাদের কাছে আরও অনেক বিকল্প আছে যারা ম্যাচের শেষ দিকে ফিনিশারের ভূমিকা ভালোভাবে পালন করতে পারে। বাবর নিজেও এটা সবার আগে স্বীকার করে। সে জানে দলের জন্য তার নির্দিষ্ট কিছু দক্ষতা আছে, আবার কিছু সময় অন্য খেলোয়াড়রা কোনো ভূমিকা আরও কার্যকরভাবে করতে পারে।’
দলে বাবরের নির্দিষ্ট দায়িত্ব আছে জানিয়ে পাকিস্তান কোচ আরও বলেন, ‘দলের যা প্রয়োজন সেটাই গুরুত্বপূর্ণ, এবং বাবর সেটা ভালোভাবেই জানে। মিডল অর্ডারে সে দারুণ ব্যাটসম্যান। দল যদি একটু সমস্যায় পড়ে, অথবা সে সেট হয়ে গেলে তার স্ট্রাইক রেট বাড়াতে পারে। এশিয়া কাপের পর আমরা বাবরকে একটি নির্দিষ্ট ভূমিকার জন্য দলে ফিরিয়েছি। আমরা মিডল অর্ডারে স্থিরতা চেয়েছিলাম, আর সে সেটাই আমাদের দেয়।’
ফর্মহীনতার কারণে বিতর্কিত পেসার শাহিন শাহ আফ্রিদিকেও ওই ম্যাচে খেলানো হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে হেসন বলেন, ‘আমরা সেই ম্যাচের জন্য সেরা দলটাই বেছে নিয়েছিলাম। পরিস্থিতি এমন ছিল যে আমরা মাত্র দুইজন পেসার খেলাচ্ছিলাম।’
কলম্বোতে সুপার এইটে আজ পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এই ম্যাচ নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেন হেসন, ‘নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অনেক ম্যাচ খেলেছে, তাই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’
বর্ণবাদ ইস্যুতে মরিনহোকে ধুয়ে দিলেন কোম্পানি
ভারতকে বিশ্বকাপ সেমিফাইনালে দেখছেন না মোহাম্মদ আমির