সাহিবজাদা থেকে ইশান: বিশ্বকাপের গ্রুপপর্বের সেরা পাঁচ ব্যাটার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই। আটটি দল নির্দিষ্ট হয়ে গেছে। আজ শনিবার থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। গ্রুপপর্বে দেখা গেছে একাধিক নাটকীয় ম্যাচ, চমকপ্রদ ফলাফল এবং দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স। পরিসংখ্যান বলছে উপমহাদেশের উইকেটে ব্যাটারদের আধিপত্যই ছিল বেশি। এবার নজর দেওয়া যাক গ্রুপপর্বের সেরা পাঁচ ব্যাটারের দিকে।

১. সাহিবজাদা ফারহান (পাকিস্তান): ২২০ রান

তালিকার শীর্ষে আছেন ফারহান। পাকিস্তানের টপ অর্ডারের মূল ভরসা হয়ে ওঠেন তিনি।
৪ ইনিংসে ৭৩.৩৩ গড়ে করেন ২২০ রান। কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে ১০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন, যা তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। স্ট্রাইক রেট ছিল ১৬৪.১৭। ইনিংস ধরে রাখা এবং শেষ দিকে ঝড় তোলা-দুটোতেই সমান দক্ষতা দেখিয়েছেন সাহিবজাদা।

২. পাথুম নিশাসাঙ্কা (শ্রীলঙ্কা): ১৯৯ রান

নিজেদের মাঠে পাথুম নিশাঙ্কা ছিলেন ধারাবাহিকতার প্রতীক। ৪ ম্যাচে করেন ১৯৯ রান-মাত্র ১ রানের জন্য ২০০ ছোঁয়া হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন, যা কার্যত প্রতিপক্ষের বিশ্বকাপ অভিযান শেষ করে দেয়। গড় ৬৬.৩৩, স্ট্রাইক রেট ১৫৬.৬৯।

৩. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা): ১৮২ রান

শ্রীলঙ্কার ভয়ংকর ওপেনিং জুটির একজন কুশল মেন্ডিস। টুর্নামেন্টের শুরুতে টানা তিনটি ফিফটি করেছেন। ৬০.৬৬ গড়ে ১৮২ রান করে দলের ইনিংস স্থিতিশীল রাখেন। তার স্ট্রাইক রেট ১২৪.৬৫ হলেও গুরুত্বপূর্ণ সময়ে ১৮টি বাউন্ডারি চাপ কমিয়েছে।

৪. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা): ১৭৮ রান

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। ৫৯.৩৩ গড় এবং ১৮৭.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ১৭৮ রান করেছেন, যা তালিকার দ্বিতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ৮৬ রানের ইনিংস আধুনিক টি-টোয়েন্টি ব্যাটিংয়ের নিখুঁত উদাহরণ।

৫. ইশান কিশান (ভারত): ১৭৬ রান

তালিকার শেষে রয়েছেন ভয়ংকর ফর্মে থাকা ঈশান কিশান। মাত্র ৪ ইনিংসে ২০২.২৯ স্ট্রাইক রেটে এই তরুণ ব্যাটার করেছেন ১৭৬ রান। পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস ছিল তার টুর্নামেন্টের সেরা মুহূর্ত। ৪৪ গড়ে রান করা এই ওপেনার দ্রুত রান তুলে ভারতকে শক্ত ভিত গড়ে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত