ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সকাল ৮:০০ ঘটিকায় প্রভাতফেরি শুরু হয়। প্রভাতফেরিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ইউল্যাবের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, বিভিন্ন অনুষদ ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে আলোচনা পর্ব শুরু হয়। সূচনা বক্তব্য প্রদান করেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। তিনি মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও চর্চার গুরুত্ব আরোপ করেন। এরপর বক্তব্য রাখেন ইউল্যাবের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি তার বক্তব্যে ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা স্মরণ করে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা পর্বে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
