জন্মদিন

রূপালি জগতের আলাকিত এক নাম 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

দেশীয় চলচ্চিত্রের নন্দিত একটি নাম কোহিনূর আক্তার সুচন্দা। একাধারে অভিনেত্রী, প্রযোজক ও পরিচালকের আজ জন্মদিন। ১৯৪৭ সালের ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্ম নেওয়া এই শিল্পীর শৈশবের বড় একটি সময় কেটেছে যশোরে। অভিনয়ে আসার পরিকল্পনা না থাকলেও সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ। 

খ্যাতিমান পরিচালন সুভাষ দত্তের হাত ধরে সুচন্দার অভিষেক। ১৯৬৫ সালে নির্মিত এবং পরের বছর মুক্তি পাওয়া ‘কাগজের নৌকা’ ছিল তার প্রথম চলচ্চিত্র। সে সময় তিনি কলেজের শিক্ষার্থী। সিনেমাটিতে কাজের সুযোগ পাওয়ার গল্পও বেশ আকর্ষণীয়। সুভাষ দত্তের নজরে আসার পর নানা প্রস্তুতির মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। 

অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সুচন্দাকে। জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ারে যুক্ত হয় নতুন মাত্রা। এই ছবির কাজের সময় জহির রায়হানের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রপাত হয়। পরবর্তীতে জনপ্রিয় অভিনেতা রাজ্জাকের সঙ্গে তাঁর জুটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। ‘নীল আকাশের নীচে’, ‘দর্পচূর্ণ’, ‘দীপ নেভে নাই’, ‘ময়নামতি’ ও ‘ক খ গ ঘ ঙ’-এর মতো সিনেমায় রাজ্জাক-সুচন্দা জুটি দর্শকের প্রশংসা পায়। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের অন্যান্য ক্ষেত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। 

নির্মাতা হিসেবেও সুচন্দার কাজ উল্লেখযোগ্য। ‘তিন কন্যা’ সিনেমায় নিজের দুই বোনের সঙ্গে অভিনয়ের পাশাপাশি নির্মাণের দায়িত্বও পালন করেন তিনি। পরে জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ‘হাজার বছর ধরে’। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পান তিনি।

আজ তার জন্মদিনে দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত