আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না বিসিবি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ এএম

‎দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব ক্রীড়াঙ্গনে নতুন কিছু নয়। সাম্প্রতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোনো অস্বাভাবিক পরিবর্তন হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তির মুখে পড়তে হতে পারে—এ সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করছেন না বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।

‎বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেছেন, বোর্ডের কাঠামো বা পরিচালনায় নিয়মের বাইরে কোনো পদক্ষেপ হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি আমলে নিতে পারে। রাজধানীতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 'আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক বর্তমানে সবচেয়ে ভালো অবস্থায় নেই। যদি এ রকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ধারা খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায়, করতে পারে। আসলে এই মুহূর্তে এটা আগাম বলা দরকার নেই, তবে শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।’

‎এদিকে নতুন দায়িত্ব পাওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক–কে নিয়েও মন্তব্য করেন ফারুক আহমেদ। তিনি বলেন, "আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি একজন সাবেক অধিনায়ক। আমি নিশ্চিত তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি চিন্তা করবেন যে যখন যেটা করবেন যেন সবচেয়ে ভালো হয়। তিনি যখন ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন না, তখন তাঁর বিবৃতি আর এখনকার বিবৃতির মধ্যে আমার মনে হয় একটা পার্থক্য থাকবে। পজিশনে থেকে আপনি একভাবে চিন্তা করবেন, তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়।"

‎অন্যদিকে বিসিবির আরেক পরিচালক এম নাজমুল ইসলাম স্পষ্ট করে বলেছেন, আপাতত বোর্ড ভেঙে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তিনি দেখছেন না। তাঁর মতে, বিসিবি একটি নির্বাচিত বোর্ড এবং সরকারও নির্বাচিত। উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট নীতিমালা ও কাঠামোর মধ্যে থেকেই কাজ পরিচালিত হয়। তিনি আরও বলেন, বিসিবি নিজেদের নিয়ম মেনেই কার্যক্রম চালিয়ে যাবে এবং এই মুহূর্তে বোর্ড পুনর্গঠন বা ভাঙনের কোনো বাস্তব আলামত নেই।
‎উল্লেখ্য, গত মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর এক সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি।’ অর্থাৎ বিসিবির বিষয়ে আইসিসির নিয়মের মধ্যে থেকে এগোতে চান ক্রীড়াঙ্গনের নুতন অভিভাবক।




×
সর্বশেষ সর্বাধিক পঠিত