প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সোহেল রানা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা এক যুগ পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদ্রাসা মসজিদে জানাজা হয়। প্যারোলে ছাড়া পেয়ে সোহেল রানা সেখানে উপস্থিত হন।

মৃত মজিনা বেগম সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী। জানাজায় অংশ নেওয়ার সময় সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করে দেবেন।’

রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, মজিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাকে সাভারে নিয়ে আসে। জানাজা শেষে সাড়ে ৭টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ বলেন, ‘রানা প্লাজার মালিক সোহেল রানার মায়ের মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জানাজায় অংশ নিতে নিয়ে আসা হয়। জানাজা শেষে সাড়ে ৭টার দিকে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।’

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। এতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। ঘটনার পর সোহেল রানা ভারতে পালানোর চেষ্টাকালে ২৮ এপ্রিল বেনাপোল সীমান্ত থেকে আটক হন। তিনি এখনো বিভিন্ন মামলায় কারাবন্দি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত