শিক্ষার্থীদের নিরাপত্তা ও আত্মরক্ষার কৌশল শেখাতে রমজান মাসজুড়ে ফ্রি সেলফ ডিফেন্স ট্রেনিং করানোর উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। ৭ দিনব্যাপী ফ্রি কোর্সটি চলতি সপ্তাহেই শুরু হতে পারে বলে জানিয়েছেন ডাকসু এই নেতা। ঢাবির মল চত্বরে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।
সাত দিনব্যাপী এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিভিন্ন আত্মরক্ষাবিষয়ক কৌশল যেমন- বেসিক পাঞ্চ, রাউন্ড কিক, কিকের ব্লক কাউন্টার থেকে শুরু করে ফাঁস ও বিভিন্ন ফাইট স্টেপিং, ছুরি, পিস্তল ও লাঠির এটাকের কাউন্টার এটাকের জন্য সাবাকি, ওগোসি ইত্যাদি। এছাড়া, এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীরা শিখবেন শারীরিক ফিটনেস ও স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান, ওয়ার্মআপ এবং কুলডাউন টেকনিক, আত্মরক্ষার মার্শাল আর্ট কৌশল এবং বডি কন্ডিশনিং।
এ বিষয়ে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, সাহসী এবং আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠতে, শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে প্রশিক্ষণে মধ্য দিয়ে এখানে কারাতে, তায়কোয়ান্দো, জুডোর মতো বিভিন্ন মাল্টিপল মার্শাল আর্ট শৈলী সম্পর্কে ধারণা পাবেন। তিনি বলেন, এ বছর সাত দিন ট্রেনিং চলবে। তবে পার্টিসিপ্যান্ট (অংশগ্রহণকারী) বেশি হলে অতিরিক্ত সাত দিন করানো হবে। এই ট্রেনিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, এর আগে তিনি মেয়েদের ৫টি হলে ফ্রি সেলফ ডিফেন্স ট্রেনিং করিয়েছেন। যেখানে কয়েক শত নারী শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও গত বছর রমজান মাসেও ফ্রি সেলফ ডিফেন্স ট্রেনিং পরিচালনা করেছেন তিনি।
