দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলাসহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘদিন ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পতাকা উত্তোলনের বিষয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য নেই। তবে বিষয়টি তিনি স্থানীয়ভাবে শুনেছেন বলে উল্লেখ করেন।
