আমরা জনগণের সরকার গড়ব: তথ্যমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা কোনও দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব। নির্বাচিত হলে আমরা সরকারে থাকব, না হলে সরকারে থাকব না। কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।

আজ রবিবার বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মন্ত্রী স্বপন আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তারই অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হয়েছে।

একইসঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। এই কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে বলে জানান তিনি। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত