মালিক জনগণ, আমি চাকর: তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

'আপনারা মালিক, আমি চাকর' এই কথা বলে জনগণের অধিকার ও সরকারের জবাবদিহিতার ওপর জোর দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৬ মার্চ) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে মন্ত্রী বলেন, 'জনগণকে আমি অনুরোধ করব; আপনারা দেশের মালিক। আমরা কেবল আপনাদের নির্বাচিত সেবক। আমাদের এমনভাবে প্রশ্রয় দেবেন না যেন আপনারা প্রজা, আর মন্ত্রী সাহেব এবং তার চেলাপ্যালারা মালিক।'

তিনি আরও বলেন, 'আমার সঙ্গে যখন কথা বলবেন, তখন আপনার নিয়োগপ্রাপ্ত চাকরের সঙ্গে যেভাবে কথা বলেন, সেভাবেই কথা বলবেন। বাঁশের চেয়ে কঞ্চি বড় হতে দেওয়া যাবে না।'

বরিশাল-১ আসনের এই এমপি বলেন, 'জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হয়েছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আমরা জয় লাভ করেছি।'

জনগণের আস্থা ধরে না রাখলে কী পরিণতি হয়, সে বিষয়ে তিনি শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, 'যদি কারও জ্ঞানের অভাব থাকে, তাহলে আমি টিকেট কেটে দেব; দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন, ভুল করলে তার খেসারত কতটুকু দিতে হয়।'

সরকারপ্রধানের প্রতি আস্থা প্রকাশ করে মন্ত্রী বলেন, 'বিগত সরকারের সঙ্গে তারেক রহমানের সরকারের পার্থক্য এখানেই; তিনি যা বলেন, তাই করেন। ইতোমধ্যে ৫টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তিনি তা প্রমাণ করেছেন।'

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, 'গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নেই, কোনো দ্বৈত চরিত্র নেই; আমরা একই কথা বলি, একই চিন্তা করি, একই কাজ করি।'

খাল খনন কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য রেখে মন্ত্রী বলেন, 'এই প্রকল্প ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের টাকা আয়ের জায়গা হতে পারে না। সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না। খালের পানি কৃষিজমিতে ব্যবহার নিশ্চিত করতে হবে।'

তিনি জানান, কুতুবপুরের এই স্বনির্ভর খালের উৎস ও সমাপ্তি উভয়ই আড়িয়াল খাঁ নদে। পুরো খালটি ৫ কিলোমিটার দীর্ঘ;  আজ ২ কিলোমিটারের কাজ উদ্বোধন করা হয়েছে, পরবর্তীতে বাকি ৩ কিলোমিটার সম্পন্ন করা হবে। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচির মধ্যে বরিশালে ১২০ কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের উদ্দেশে মন্ত্রী বলেন, 'সরকারি কাজ আপনাদের উপকারে এলো কিনা সেটা জানাবেন; উপকারে না আসলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন।'

বরিশাল জেলা প্রশাসন ও বিএডিসি সেচ বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত