জাহানারাকে যৌন হয়রানির দায়ে নিষিদ্ধ মঞ্জরুল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৭টি টেস্ট এবং ৩৪টি ওয়ানডে খেলা সাবেক এই বামহাতি পেসার আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত বা অনুমোদিত কোন রকম ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকান্ডে বা প্রতিষ্ঠানে চাকরিতে জড়িত হতে পারবেন না। সোমবার বিসিবি'র পরিচালকদের সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তি জানান হয়,স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এর সুপারিশ এর আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটার জাহানারা আলম ইউটিউবে প্রচারিত একটি সাক্ষাৎকারে জানান যে ম্যানেজার এবং নির্বাচক থাকাকালীন মঞ্জু তার প্রতি যৌনহয়রানিমূলক আচরণ করেছেন। জাহানারা সাক্ষাৎকারে বলেছেন, ' উনি (মনজুরুল ইসলাম) এক দিন আমার কাছে আসল, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তোর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকব চলে আসিস।' এমন মন্তব্য ছাড়াও অশালীন ভাবে শরীর স্পর্শ করারও অভিযোগ এনেছিলেন জাহানারা, 'বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।' তবে চীনের জাতীয় নারী ক্রিকেট দলের কোচ হিসেবে কর্মরত মঞ্জু প্রবাসে থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবী করেছেন মঞ্জু।

তবে জাহানারার সব অভিযোগের সত্যতা খুঁজে পায়নি বিসিবি। জাহানারা আঙ্গুল এনেছিলেন নারী ক্রিকেট উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে কোন অভিযোগের সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ২০২৫ সালের ৩০ জুনের পর থেকে বিসিবিতে কোন ভূমিকাতেই নেই মঞ্জু, জাহানারাও থিতু হতে চাইছেন অস্ট্রেলিয়াতে। সেখান থেকে বাংলাদেশের নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যপারেও একগাদা অভিযোগ এনেছিলেন জাহানারা, যা বিসিবি অসত্য বলে উড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করেন, অস্ট্রেলিয়াতে রাজনৈতিক আশ্রয় লাভের সুবিধার জন্যই সেখান থেকে এধরণের বক্তব্য দিচ্ছেন সাবেক অলরাউন্ডার জাহানারা। তবে যৌনহয়রানিমূলক আচরণ যে তার সঙ্গে করা হয়েছে, সেই ব্যপারে স্বাধীন তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ তদন্তে বিসিবি কর্তৃক গঠিত স্বতন্ত্র তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বোর্ড একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।  বোর্ড সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন সকল প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করছে এবং প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় মনে হলে আরও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত