পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

পুলিশের খাকি পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তড়িঘড়ি করে নেওয়া নতুন ইউনিফর্মের সিদ্ধান্তে মাঠপর্যায়ের সদস্যদের মতামত উপেক্ষিত হয়েছে এবং এতে বাহিনীর পরিচিতি ও কার্যকারিতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। গতকাল সোমবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-০৪ সালে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে বাংলাদেশ পুলিশের খাকি পোশাক নির্ধারণ করে। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রঙ, দেশের আবহাওয়া, দিন-রাতের ডিউটিতে সহজে চিহ্নিত হওয়ার বিষয় এবং অন্য বাহিনীর সঙ্গে যেন সাদৃশ্য না থাকে এসব বিবেচনায় রাখা হয়েছিল। কিন্তু সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে নির্বাচিত নতুন পোশাকে এসব বাস্তব বিষয় যথাযথভাবে বিবেচিত হয়নি বলে দাবি সংগঠনটির। তাদের মতে, নতুন ইউনিফর্মের সঙ্গে অন্য কয়েকটি সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দ্রুত চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। এ পোশাক শুধু একটি ইউনিফর্ম নয়, এটি বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। পুলিশের সদস্যদের আবেগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি  অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত