কুষ্টিয়া শহর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া। তিনি কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাই হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেন বলে দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজনকুমার রায় বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌঁসুলি আব্দুল মান্নাফ জানান, গতকাল সোমবার সকালে অর্থ আত্মসাতের অভিযোগে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তপন রায়ের আদালতে মামলা দাখিল করেছে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মৃত. আব্দুস সাত্তারের ছেলে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০), রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অদ্যাবধি মোট ১০ কোটি নয় লাখ আটষট্টি হাজার নয়শত একচল্লিশ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা এবং তার স্ত্রীর বেপরোয়া ও ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরে ‘শতকোটি শিক্ষিকার হাজার কোটি স্বামীর’ শিরোনামে দেশ রূপান্তর-এর প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এই পলাতক এই আ.লীগ নেতার দুর্নীতির তথ্য জনসম্মুখে উঠে এলে দুদক তদন্ত শুরু করেছিল।
