কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক বলা হয়, ওই বিধিমালার অধীন বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ ও বিলম্বে উপস্থিতি অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকা এবং অফিস সময়ে শেষ হওয়ার আগে নিজ দপ্তর ত্যাগ না করার কথা বলা হয়।
অফিস আদেশে আরও বলা হয়, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব/সলিসিটর) অনুমতি গ্রহণ সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি : এবং ডিজিটাল হাজিরা দিয়ে অফিস ত্যাগ করতে হবে।
