বইমেলায় অংশগ্রহণের ঘোষণা প্রকাশক ঐক্যের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

অবশেষে আসন্ন অমর একুশে বইমেলায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে সৃজনশীল বই প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে প্রকাশক ঐক্য কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক, বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ, শোভা প্রকাশনীর প্রকাশক মিজান, লেখক আবু সালেহ প্রমুখ।

লিখিত বক্তব্যে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, ‘আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে প্রকাশক ঐক্য বেশ কিছু যৌক্তিক দাবি কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছিল। আমাদের এ অবস্থান কোনোভাবেই বইমেলা, পাঠক বা মেলা কর্তৃপক্ষের বিপক্ষে নয়, আমাদের এই ঐক্যের মূল ভিত্তি ছিল শতভাগ ন্যায্যতার প্রশ্ন। সৃজনশীল প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা, সর্বস্তরের প্রকাশকের সম-অধিকার নিশ্চিত করা এবং মেলার মাঠে কাঠামোগত বৈষম্য দূর করার তাগিদেই আমরা একতাবদ্ধ হয়েছিলাম। নানা সীমাবদ্ধতা, কাঠামোগত সংকট এবং মেলার প্রস্তুতিতে সময়স্বল্পতার মতো বিশাল ব্যবসায়িক ঝুঁকি থাকা সত্ত্বেও, বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আমরা অব্যাহতভাবে আলোচনা চালিয়ে গেছি। আমাদের বিশ্বাস, মেলা কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং সব অংশীজনের আন্তরিক ও সম্মিলিত সহযোগিতায় এবারের বইমেলা তার আপন মহিমায় সফল এবং প্রাণবন্ত হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘সরকারপ্রধানের কাছে আমাদের আবেদন, রাষ্ট্রীয় সব আচার-অনুষ্ঠান ও প্রতিযোগিতায়, বিশেষ করে স্কুল-কলেজপর্যায়ে, পুরস্কার হিসেবে বই দেওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হোক। একটি জাতির মনন গঠন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক বোধ জাগ্রত করার ক্ষেত্রে সৃজনশীল বইয়ের ভূমিকা অপরিসীম। দুঃখজনকভাবে এই গুরুত্বপূর্ণ খাতটি দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। পাশাপাশি, সরকারি বই কেনার বাজেট বহু বছর ধরে প্রায় স্থবির অবস্থায় রয়েছে। সেই বাজেট কীভাবে বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে তার এবং সরকারের ইতিবাচক সহযোগিতা আমরা প্রত্যাশা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত